মাত্র পাঁচ ঘন্টার ব্যাবধানে চট্টগ্রামে দুই জ্যেষ্ঠ সাংবাদিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হলেন- প্রবীণ ফটোসাংবাদিক শিশির বড়ুয়া অন্যজন দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া।
শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর জিইসি মোড়ে মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রভাত বড়ুয়া এবং বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ফটো সাংবাদিক শিশির বড়ুয়া পটিয়ার বাথুয়া গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
এদিকে মৃত্যুকালে সাংবাদিক শিশির বড়ুয়া বয়স ছিল ৬৮ বছর। দীর্ঘ কর্মজীবনে তিনি নয়াবাংলা, ডেইলি লাইফ, কমার্শিয়াল টাইমস, দৈনিক ঈশান, দৈনিক ইত্তেফাক, রয়টার্স (খণ্ডকালীন) এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে তিনি একাধিকবার প্রদর্শনী করেছেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে দুই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
