পটুয়াখালীর গলাচিপা ও দুমকি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বৃষ্টি ও বজ্রপাতের সময় গরু আনতে গিয়ে তারা বজ্রাঘাতে আক্রান্ত হন।
গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামে দুপুরে বজ্রাঘাতে মারা যান আলমগীর সরদার (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের মাঠে থাকা নিজের গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নামাজ শেষে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দূর থেকে গরুগুলোকে একটি স্থানে জড়ো হয়ে থাকতে দেখে সেখানে গিয়ে আলমগীরকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
এদিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে মারা যান মজিবর সরদার (৫০)। তিনি ওই এলাকার মৃত আয়নাল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মজিবর সরদার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার শরীরের বাম পাশের একাংশ ঝলসে যায়।
চরকাজল পুলিশ ফাঁড়ির এসআই কামাল গলাচিপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান!