ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে আসছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীমের পরিচালনায় আগামী ২৫ জুন মুক্তি পাবে সিরিজটি। গতকাল সকালে হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়।
পোস্টারে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে পুরনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসতে দেখা গেছে। তাদের চোখেমুখে কোনো চাপা পড়া চাঞ্চল্যকর সংবাদের গভীরে প্রবেশের তীব্র আকাক্সক্ষা ও তীক্ষèতা স্পষ্ট। চারপাশের পুরনো খবরের কাগজ পুরো গল্পে সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহ তৈরি করেছে। সিরিজে আরও অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল ও রায় রাজন্যা।
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই সিরিজটি নির্মাণ করেছি। এটি মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’ হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, অনীমের পরিচালনা ও অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে এবং কনটেন্টটি তাদের চিন্তার খোরাক জোগাবে। ২৫ জুন থেকে সিরিজটি শুধু হইচই-তে দেখা যাবে।
