দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে নগরীর ব্যুরো কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যুরো প্রধান ভুঁইয়া নজরুল।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ঢাকার পর দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম অর্থনীতি, শিল্প, বন্দর, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নের কেন্দ্রবিন্দু। জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চট্টগ্রামের উন্নয়ন, সম্ভাবনা, সংকট ও জনদুর্ভোগের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে। জনগুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম মানুষের আস্থা অর্জন করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখে।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতাই একটি গণমাধ্যমের মূল শক্তি। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার মধ্যে সাংবাদিকদের আরও সতর্ক ও পেশাদার হতে হবে। মাঠপর্যায়ে কর্মরত প্রতিনিধিদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করতে হবে এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।
মতবিনিময় সভায় প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে নানা বাস্তব অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় সম্পাদক প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংবাদ প্রকাশের মানোন্নয়ন, অনুসন্ধানী প্রতিবেদন বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকসম্পৃক্ততা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ব্যুরো প্রধান ভুঁইয়া নজরুল বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা। উপজেলা প্রতিনিধিরাই মাঠপর্যায়ে সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার সবচেয়ে কাছাকাছি থাকেন। তাই তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, স্টাফ ফটোজার্নালিস্ট আকমাল হোসেন ও নির্বাহী ইয়াসিন আরাফাত, আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হক, চন্দনাইশ প্রতিনিধি নুরুল আলম, লোহাগাড়া প্রতিনিধি পুষ্পেন চৌধুরী, পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিম, মীরসরাই প্রতিনিধি আজমল হোসেন, সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল ইসলাম, ফটিকছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সোহান, হাটহাজারী প্রতিনিধি কেশব বড়ুয়া, বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রতিনিধি আরিফুল হাসনাত ও বোয়ালখালী প্রতিনিধি প্রলয় চৌধুরী মুক্তিসহ অন্যান্যরা।
