ভারতের বহুল চর্চিত বনগাঁ মামলায় ফের নতুন বিতর্ক সামনে এল। অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে চার্জ গঠিত হয়েছে বলে দাবি করলেন অভিযোগকারী তনয় শাস্ত্রী। তার বক্তব্য, ২ জুন আদালতে মামলার শুনানির সময় এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর জেরে অচিরেই অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিতেও হতে পারে।
তনয় শাস্ত্রীর অভিযোগ, মামলাটি দীর্ঘদিন ধরে চললেও মিমি চক্রবর্তী এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হননি। তার দাবি, ২ জুনের শুনানিতেও অভিনেত্রী নিজে না এসে আইনজীবীর মাধ্যমে আদালতে প্রতিনিধিত্ব করান। এই পরিস্থিতিতে মামলার অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগকারীর পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।
তনয়ের বক্তব্য অনুযায়ী, তার আইনজীবী আদালতে আবেদন জানান যাতে মামলায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই আদালত চার্জ গঠনের অনুমতি দিয়েছে বলে দাবি তাঁর। যদিও আদালতের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এ প্রসঙ্গে তনয় শাস্ত্রী বলেন, তিনি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। তাঁর অভিযোগ, অতীতে তাঁকে অন্যায়ভাবে জেলে যেতে হয়েছিল এবং সেই কারণেই তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার চান। তাঁর আরও দাবি, মিমি চক্রবর্তীকে আগামী ১০ দিনের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই দাবির স্বপক্ষে এখনও আদালতের কোনও সরকারি নথি বা বিবৃতি প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে, তনয়ের এই অভিযোগ এবং আদালতে চার্জ গঠনের দাবি নিয়ে এখনও পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে মামলাটি ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। এখন নজর আগামী শুনানির দিকে। আদালতে আদৌ অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে হাজির হতে হয় কি না এবং মামলার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও বিনোদন মহল।
নতুন লুকে রহস্যময় মন্তব্য অপুর
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিশেষ অভিযান চায় জুলাই ঐক্য
এনসিপির সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী অনেক মানবিক, কাউকে উচ্ছেদ করতে চান না: আব্দুস সালাম