ইউরোপীয় ইউনিয়নে ডিজিটাল খাতে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ইউরোপীয় পার্লামেন্ট তাদের ব্রাউজারগুলোতে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক গুগলের পরিবর্তে ফ্রান্সের সার্চ ইঞ্জিন কোয়ান্ট (ছধিহঃ) ডিফল্ট অপশন হিসেবে ব্যবহৃত হবে।
ইউরোপীয় পার্লামেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৬ সালের ৪ জুন থেকে পার্লামেন্টের ব্যবহৃত মাইক্রোসফট এজ ও মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে কোয়ান্ট ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হবে। তবে ব্যবহারকারীরা চাইলে পরবর্তী সময় অন্য কোনো সার্চ ইঞ্জিনও নির্বাচন করতে পারবেন।
এই পদক্ষেপকে ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্ব জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় ও গোপনীয়তা-সুরক্ষিত ডিজিটাল সেবার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এদিকে ইউরোপীয় কমিশনের ‘ইুঁ ধহফ টংব ঊঁৎড়ঢ়বধহ’ উদ্যোগের আওতায় আগামী দিনে চিপ উৎপাদন, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আরও কিছু নীতিগত পদক্ষেপ ঘোষণার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, কোয়ান্টকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত ইউরোপীয় প্রযুক্তি খাতকে শক্তিশালী করার বৃহত্তর কৌশলেরই একটি অংশ।
জানা গেছে, ফায়ারফক্স এবং এজ ব্রাউজারের অ্যাড্রেস বারে কোনো কিছু খুঁজলে তা স্বয়ংক্রিয়ভাবে কোয়ান্টের মাধ্যমে পরিচালিত হবে। তবে আইনপ্রণেতারা চাইলে অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবেন অথবা তাদের ডিফল্ট সেটিংস পরিবর্তন করে নিতে পারবেন।
