পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর, পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। নদীভাঙন, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে এবং পরিবেশবান্ধব উন্নয়ন নীতি বাস্তবায়ন করতে হবে।
জলাভূমি দখল, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশের জন্য বড় হুমকি জানিয়ে তারা বলেন, পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ, পরিবেশবিষয়ক অপরাধ দমন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
