এক সপ্তাহে সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। যৌথভাবে অভিযান চালায় বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনে ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২৬ জন রয়েছেন।

একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ইথিওপিয়ার ৭০ শতাংশ, ইয়েমেনের ২৮ শতাংশ এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে সৌদি আরবে বসবাসরত ১৬ জনকেও আটক করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতোমধ্যে ৪ হাজার ৬৯০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১৪ হাজার ৪৯৫ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৮৫০ জনকে বহিষ্কারের আগে চূড়ান্ত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত