শেরপুরের নালিতাবাড়ী থেকে নিখোঁজ পাঁচ শিক্ষার্থী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ী থেকে একই দিনে তিন শিক্ষার্থীসহ পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এদের সবার বয়স এগারো বছর থেকে পনেরো বছরের মধ্যে।  

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- ইসরাফিল, মাশরাফি, রাব্বানী, তোফায়েল ও রাসেল। এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, গতকাল রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ১১ বছর বয়সী ছেলে রাব্বানী, মানিক মিয়ার ১২ বছর বয়সী ছেলে তোফায়েল ও আব্দুল আওয়ালের ১৩ বছর বয়সী ছেলে রাসেল নিখোঁজ হয়।

গত ৬ জুন শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ১৩ বছর বয়সী ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

এর আগে, গত ২৭ মে বুধবার সকাল দশটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার পনেরো বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসাথে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিলো।

এ বিষয়ে এডিশনাল এসপি মিজানুর রহমান দেশ রুপান্তরকে বলেন, শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত