শিরোপা হারিয়েও সম্মান পেলেন মারিয়ারা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৪১ এএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে দেশে ফিরেও সম্মান পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। ভারতের কাছে ফাইনালে ৩-১ গোলে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে গেলেও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগের দিন রাতে গোয়া থেকে রওয়ানা হয়ে মুম্বাইয়ে ট্রানজিট শেষে সোমবার দুপুরে ঢাকায় ফিরে বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে যান মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমাসহ দলের সদস্যরা। সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া প্রতিমনন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘দেশের জন্য লড়াই করা খেলোয়াড়দের মূল্যায়ন শুধু ট্রফি দিয়ে করা যায় না। জিতুক বা হারুক, জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি সম্মান সবসময় একই থাকা উচিত।’

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি নারী ফুটবলারদের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি খেলোয়াড়দের মনোবল ধরে রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। এ সময় দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার পরিবারের বিষয়ে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঋতুপর্ণার জন্য বরাদ্দকৃত জমি-সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটি শেষে তিনি ক্যাম্পে ফিরলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হবে। অন্যদিকে, সাফ চলাকালে মাকে হারানো জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাফুফে ভবনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে মায়ের শেষ মুখ দেখতে পারেননি তিনি।

সাম্প্রতিক সময়ে এশিয়ান কাপ বাছাইপর্ব ও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ নারী দল। এখন কিছুদিনের বিশ্রামের পর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসকে সামনে রেখে আবারও প্রস্তুতি শুরু করবে তারা। টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার শিরোপা ধরে রাখতে না পারলেও দেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদান ও অর্জনের

স্বীকৃতি মিলেছে দেশের মাটিতে ফিরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত