লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে লিয়াকত আলী লাদেন (১৬) নামের এক মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বির সঙ্গে একটি তুচ্ছ বিষয় নিয়ে লাদেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি তাকে গালি দিলে লাদেন তাকে চড় মারে। বিষয়টি জানতে পেরে রাব্বির বাবা ও বড় ভাই রকি লাদেনের ওপর হামলার চেষ্টা চালায়। সে সময় স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
এরই জেরে রাত ৮টার দিকে লাদেন সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে থাকার সময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাদেনকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।