নীলফামারীর ডিমলায় সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুলাল হোসেন (৬৫) ডিমলা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সীমান্ত টাইম ২৪ অনলাইন পোর্টালের সম্পাদক সাংবাদিক ফরিদুল ইসলামের বাবা ও এলাকার বাসিন্দা।
মৃতের ছেলে সাংবাদিক ফরিদুল ইসলাম বলেন,, সকালে বাড়ির পাশের একটি সেচ মোটরের ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যান দুলাল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, দুলাল হোসেন একজন পরিশ্রমী ও সমাজবান্ধব মানুষ ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।
সাংবাদিক ফরিদুল ইসলামের বাবার অকাল মৃত্যুতে ডিমলার সাংবাদিক সমাজেও শোকের ছায়া নেমে এসেছে। এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর, সাধারণ সম্পাদক বাদশা প্রামাণিকসহ প্রেসক্লাবের সকল সদস্য।