জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর।
তিনি বলেন, সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
মঙ্গলবার (৯ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে আয়োজিত সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে চিফ হুইপ এসব কথা বলেন।
মো. নূরুল ইসলাম বলেন, আপনারা এত সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণিত হয় আপনারা আইন কানুন ও বিধি-বিধান শিখতে চান। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদেরই মাধ্যমে।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ত ও কার্যকর হোক সেটা আপনারাও চান।
ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে চিফ হুইপ বলেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শও শুনেন।
তিনি বলেন, সংসদ সদস্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকেও দিতে হবে। এমপিরা সৎ কাজ করলে যেমন তার সওয়াবের ভাগ পাবেন, অসৎ কাজ করলেও আপনি পাপের ভাগীদার হবেন।
বাজেট শুধু সংখ্যা নয় উল্লেখ করে চিফ হুইপ বলেন, এটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট্যাক্স দিয়ে থাকে। সেই ট্যাক্সের টাকা সুষম বন্টন করে কিভাবে জনগণের উন্নয়ন করা যায় সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষনের সকল তথ্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী সংসদ সদস্যকে বোঝানোর চেষ্টা করবেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস