চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) বিনিয়োগ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরেছে বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষ (আইবিএ)। অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ও পানি সরবরাহ, যোগাযোগব্যবস্থা এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে অগ্রগতির পাশাপাশি বিনিয়োগকারীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগের কথাও জানিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে মিরসরাইয়ের এই শিল্পাঞ্চল দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে।
এ লক্ষ্য সামনে রেখে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এনএসইজেডের বিভিন্ন শিল্পকারখানা, পানি শোধনাগার, জেটি ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছে বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষ। সরেজমিন পরিদর্শনে অর্থনৈতিক অঞ্চলের বাস্তব অগ্রগতি, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন পরিস্থিতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রথম দিনের পরিদর্শন কর্মসূচিতে ছিল প্রিমিটেক প্যাকেজিং কারখানা, এসকিউ গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং পানি শোধনাগার প্রকল্প এবং দ্বিতীয় দিনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন জেটি, সামুদা ফুড প্রোডাক্টস ও সংশ্লিষ্ট গ্রুপের কারখানা, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিল্পকার্যক্রম। পাশাপাশি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন অবকাঠামোগত কাজের অগ্রগতিও পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন কার্যক্রমের আগে গত বুধবার দুপুরে এনএসইজেডের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থনৈতিক অঞ্চলের সার্বিক উন্নয়ন, বিনিয়োগ পরিস্থিতি, অবকাঠামোগত অগ্রগতি, শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদ।
তিনি বলেন, শিল্পায়নের জন্য শুধু জমি বরাদ্দই যথেষ্ট নয়; বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানি, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাও জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অবকাঠামোগত অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাইড প্রকল্পের আওতায় অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে ৩৭ কিলোমিটার সড়ক, ১২২ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন, ৪২ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং ২২ কিলোমিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রয়োজন বিবেচনায় চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহকে শিল্পায়নের অন্যতম প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গ্রিড সাবস্টেশনে ২০০ মেগাওয়াট বিদ্যুতের সংস্থান রয়েছে। বর্তমানে এ জোগান চাহিদার চেয়ে বেশি। তবে ভবিষ্যতে শিল্পকারখানার সংখ্যা ও উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়বে। এ কারণে বিকল্প ও নবায়নযোগ্য জ¦ালানির উৎস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৩ হাজার ৯০০ একর জমিতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে আরও ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
শিল্পায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পানি সরবরাহ। এ বিষয়ে এনএসইজেড পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্পের পরিচালক এবং উপসচিব হেলাল আহম্মদ জানান, পানি শোধনাগার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের আওতায় ৯ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও এক মিটার ব্যাসের ডাকটাইল আয়রন (ডিআই) পাইপলাইন স্থাপনের কাজ প্রায় শেষের দিকে।
তিনি জানান, ২০২৬ সালের মার্চ মাসে শোধনাগারটি পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। জুনে এটি থেকে প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার বা ৫ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
এদিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৭০০ কোটি টাকা বাজেটে কার্গো ও প্যাসেঞ্জার জেটি নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জেটি নির্মাণ কাজের প্রকল্প পরিচালক এএসএম আশরাফুজ্জামান বলেন, জেটিটি ব্যবহার করে আট মিটার ড্রাফটের ছোট জাহাজে পণ্য পরিবহন করা যাবে। জেটির মাধ্যমে বিনিয়োগকারীরা সরাসরি পণ্য উত্তোলন করতে পারবেন, যা রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারের জন্য সুবিধাজনক।
চলতি বছরের এপ্রিলে কাজ শুরু হওয়া জেটিটি ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ পুরোদমে চালু করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সাইফুর রহমান বলেন, এ পর্যন্ত ১৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। পাঁচটি প্রতিষ্ঠান ট্রায়াল পিরিয়ডে রয়েছে। আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলমান অর্থাৎ প্লট বরাদ্দের পাশাপাশি বাস্তব উৎপাদন ও নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রমও এগিয়ে চলছে।
দুই দিনের এ পরিদর্শন কর্মসূচিতে আইবিএর কর্মকর্তাদের বক্তব্য ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমে অর্থনৈতিক অঞ্চলটির অগ্রগতির চিত্র যেমন উঠে এসেছে, তেমনি বিনিয়োগ সম্প্রসারণের পথে থাকা সীমাবদ্ধতাগুলোও সামনে এসেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা গেলে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শুধু দেশের বৃহৎ শিল্পায়ন প্রকল্প হিসেবেই নয়, কর্মসংস্থান, রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবেও প্রতিষ্ঠিত হবে।