সীমান্ত হত্যা বন্ধসহ নানা দাবিতে কর্মসূচিতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৩২ এএম

বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশইন, সীমান্ত হত্যা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এসব ইস্যুতে আজ বুধবার দুপুর ১২টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে জোটটি।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় কর্মসূচিও চূড়ান্ত করেন জোটের নেতারা।

সভায় অবিলম্বে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ, বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমেক্রেটিম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত