নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
ফারুককে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী ‘কালামিয়ার দোকান’ নামক স্থানে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ফারুককে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালামিয়ার দোকান এলাকায় একটি চা দোকানের সামনে ছিলেন ফারুকসহ দু-তিনজন। অটোরিকশায় চার-পাঁচজন যুবক সেখানে পৌঁছে অস্ত্র হাতে নেমে ফারুককে মারতে-মারতে টেনেহিঁচড়ে অটোরিকশায় তোলার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ফারুককে অটোরিকশায় ওঠাতে না পেরে এক পর্যায়ে তারা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, পরে সড়কে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ফারুককে সড়কে কিছুক্ষণ পড়ে থেকে কাতরাতে দেখা যায় ভিডিওতে।
পরে স্থানীয়রা ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক হোসেনকে জরুরি বিভাগের আনার পর তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি বিষয়টা খতিয়ে দেখছি। ফারুকের সঙ্গে কথা বললে পুরো বিষয়টি জানা যাবে।’