রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকান্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন মামলার ৪ নম্বর আসামি সিরাজ ও ১০ নম্বর আসামি রাকিবুল ইসলাম শিহাব ওরফে গোল্ডেন রাকিব। র্যাব দাবি করেছে, এ হত্যাকান্ডের মূলহোতা সিরাজ। গতকাল বুধবার রাতে র্যাব-৩ থেকে এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে আলোচিত এ হত্যাকা-ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুদেবার্তায় র্যাব-৩ জানায়, বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলায় পৃথক অভিযান চালায় র্যাব ৩-এর একটি দল। অভিযানে বিল্লাল হোসেন তালুকদার হত্যার মূলহোতা সিরাজ ও গোল্ডেন রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেট এলাকায় একটি সালিশ বৈঠকে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন।