আদ্-দ্বীনের শোকজের জবাবে ‘গল্প-কাহিনি’ বেশি

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:২৫ এএম

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়, আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল যে জবাব দিয়েছে, সেটি পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-কাহিনি তারা লিখেছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আজকের (বুধবার) বৈঠকের পর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদ্-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।’

মন্ত্রী বলেন, তারা চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখেছে, কিন্তু সবই (অস্পষ্ট) রিপ্লাই। প্রয়োজনীয় তথ্য না দিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি লিখেছে।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সাধারণ মানুষকে বাঁচাতে যেকোনো উপায়ে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করা হবে। এ সময় তিনি বলেন, আমরা একটি রোগ (হাম) মোকাবিলা করে যখনই এগিয়ে যাচ্ছি, তখনই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে যার যার অবস্থান থেকে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং ডেঙ্গুর চিকিৎসা সংক্রান্ত প্রটোকল মেনে চলুন।

‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহীদ জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রথম ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়াই প্রথম গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিতে প্রতিটি থানা হেডকোয়ার্টারে ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ড্যাবের আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. আব্দুস সালাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত