২০১০-এর স্মৃতি ফিরিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৩২ এএম

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। কাকতালীয়ভাবে, দীর্ঘ ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগে ২০১০ সালে আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও লড়েছিল এই দুই দল, যেখানে দক্ষিণ আফ্রিকা ছিল আয়োজক দেশ। এবার ভাগ্যচক্রে মেক্সিকোর মাটিতে সেই একই ম্যাচের পুনরাবৃত্তি দিয়ে শুরু হচ্ছে ১০৪ ম্যাচের এই মহাযজ্ঞ।

গ্রুপ ‘এ’ এর এই উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে। তিন দেশের যৌথ আয়োজনের এই বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটি মেক্সিকোকে দেওয়ার পেছনে রয়েছে এক অনন্য ইতিহাস। বিশ্বফুটবলের এক পরম তীর্থভূমি এই মাঠ, যেখানে ১৯৭০ সালে পেলে এবং ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা মতো কিংবদন্তিরা বিশ্বজয়ের পর সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন। দুই কিংবদন্তির স্মৃতিবিজড়িত লাতিন আমেরিকার বৃহত্তম এই ভেন্যুটিই বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করার ইতিহাস গড়তে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ মিটার উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামের বর্তমান দর্শক ধারণক্ষমতা ৮৭,৫২৩ জন।

এদিকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটাও বেশ রোমাঞ্চকর। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত মোট ৪ বার দেখায় ২ ম্যাচে জয় পেয়ে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে মেক্সিকোর ‘এল ট্রি’রা। এদিকে দক্ষিণ আফ্রিকার জয় ১টি ম্যাচে। বাকি ১টি ম্যাচ হয়েছে ড্র, যেখানে বিশ্বকাপে তাদের একমাত্র দেখাটি হয়েছিল ২০১০ সালের সেই উদ্বোধনী ম্যাচে, যা ১-১ গোলের সমতায় শেষ হয়।

আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘সি’ এর শীর্ষে থেকে চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে হুগো ব্রুসের দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এই ম্যাচে দলটির লেফট-ব্যাক অব্রে মোদিবার ফেরার সম্ভাবনা রয়েছে। ২০১০ সালের সেই উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার চমৎকার গোলের পর মেক্সিকোর হয়ে সমতা ফিরিয়েছিলেন রাফায়েল মার্কেজ। ১৬ বছর পর আগামীকাল সেই মার্কেজকেই মেক্সিকোর সহকারী কোচ হিসেবে ডাগআউটে দেখা যাবে। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে তিনটি গ্রুপ ম্যাচই খেলবে মেক্সিকো, যার প্রথমটিতে আজ তাদের লক্ষ্য থাকবে জয় দিয়ে মিশন শুরু করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত