যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

আপডেট : ১১ জুন ২০২৬, ০২:১৬ পিএম

ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর নিখোঁজ থাকা ৩ জন ভারতীয় নাবিকেরই নির্মম মৃত্যু হয়েছে। ওমান উপকূল থেকে তাদের মৃতদেহগুলো উদ্ধার ও শনাক্ত করার পর বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভারত সরকারের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপর তিন ভারতীয় নিখোঁজ ছিলেন। আজ জানা গেছে তারা তিনজনই প্রাণ হারিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে জানায়, ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বনান্দ সোনোওয়াল নিশ্চিত করেছেন নিখোঁজ তিন নাবিকের সবাই মারা গেছেন।

সেত্তেবেল্লো নামে এ তেলের ট্যাংকার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়।

পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। যার মধ্যে ২৪ জনই ভারতীয়। ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় এটি। এরপর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

ওমানের রাজধানী মাসকাটস্থ ভারতীয় দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা ফার্ম অ্যামব্রে জানায়, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে চলাচল করতে দিচ্ছে না। যেসব জাহাজ চলার চেষ্টা করা হচ্ছে সেগুলোকে হয় ফিরিয়ে দেওয়া হয় নয়ত হামলা চালিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই জাহাজটিও অবরোধ সংশ্লিষ্ট হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত