পটিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:১৯ এএম

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে হামলা ও ক্লাব থেকে টেনে হিচড়ে বের করে যুগান্তর সাংবাদিক আবেদ আমিরীর উপর বর্বরোচিত হামলার ঘটনায় কথিত যুবদল নেতা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে মামলাটি করেন হামলার শিকার দৈনিক যুগান্তর এর পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী। মামলায় প্রধান আসামী করা হয়েছে পটিয়া পৌরসভা যুবদল নেতা এসএম রেজা রিপনকে। এতে এজাহারনামীয় ৭ জন ও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি রয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, গত ৯ জুন (মঙ্গলবার) সাংবাদিক আবেদুজ্জামান আমিরী সকালে পটিয়া প্রেস ক্লাবে বসে অন্যান্য সদস্যদের নিয়ে বিভিন্ন নিউজ বিষয়ে আলোচনা ও আড্ডা দিচ্ছিলেন। দুপুর অনুমান পৌনে ১টার দিকে যুবদল নেতা এসএম রেজা রিপনের নেতৃত্বে ক্লাবে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় সাংবাদিক আবেদ আমিরীকে টেনে হিঁচড়ে ক্লাব থেকে বের করে প্রকাশ্যে মারধর করে। 

সাংবাদিক আবেদ আমিরী জানান, গত বছরের ৫ নভেম্বর ও গত ৬ মার্চ দৈনিক যুগান্তরে পটিয়ায় শ্রীমাই খালের বালু অবৈধভাবে উত্তোলনের ফলে ১৩৩ কোটি টাকা বরাদ্দে উন্নয়নরত শ্রীমাই খাল ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনের পর স্থানীয় এমপি এনামুল হক এনাম ও প্রশাসনের নির্দেশে শ্রীমাই খালে বালু উত্তোলন বন্ধ হয়ে যায়। 

ওই সংবাদের জেরে যুবদল নেতা রিপন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে ঢুকে ওই হামলা করেন।

এদিকে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল জানান, ওই ঘটনার বিষয়টি তাদের নজরে এসেছে। এরপর তারা দলীয়ভাবে তদন্ত করেছে। তদন্তে দেখা যায়, রিপন যুবদলের কেউ নন। তার প্রাথমিক সদস্যপদ পর্যন্ত নেই। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত