রেলপথে মধ্যপাড়ার পাথর পরিবহন সচল করতে ১৩৪ কোটি টাকা বরাদ্দ

আপডেট : ১২ জুন ২০২৬, ০১:৫৪ পিএম

দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথর রেলপথে পরিবহন সচল করতে সংস্কার কাজে ১৩৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপির নেতৃত্বে মন্ত্রিপরিষদের আরও দুইজন মন্ত্রী দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনির উত্তোলিত মজুত পাথর নিয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় সিদ্ধান্ত, বিক্রিত পাথর রেলপথে পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবিষয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিএমই) মো. আমিনুল হাসান জানান, এই রেলপথ সংস্কারের জন্য খনি কর্তৃপক্ষ ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।

দ্রুত সময়ের মধ্যে বরাদ্দকৃত ১৩৪ কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কারের কাজ শুরু হবে। এজন্য খুব শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে, রেলপথটি মজবুত ও টেকসই পদ্ধতিতে সংস্কার মাধ্যমে চালু করার ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রেলপথটি চালু হলে স্বল্প খরচের মাধ্যমে মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথর দেশের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য ক্রেতারা পরিবহন করতে পারবেন।

সরকার এ ধরনের সুযোগ সৃষ্টির মাধ্যমে এই খনির পাথর মজুতের স্তুপ কমিয়ে পাথর খনিটির উন্নয়ন অগ্রগতি করতে সিদ্ধান্ত নিয়েছে। গৃহীত সিদ্ধান্ত খুব দ্রুত বাস্তবায়ন হবে বলে সূত্রটি আশ্বস্ত করেন।

রেলওয়ে পশ্চিম বিভাগের পাকশি জোন রেলওয়ে বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এফ এম মাসউদ-উর রহমান  জানান, প্রায় ১৫ বছর ধরে এই রেলপথটি বন্ধ থাকার পর আবার রেলপথ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র: বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত