প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

আপডেট : ১২ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কক্সবাজার সফরকে কেন্দ্র করে সেখানে পৌঁছেছেন সরকারের ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি পরিদর্শনের অংশ হিসেবে তারা কক্সবাজার গেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে যাওয়া সরকারের ৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আগামীকাল শনিবার (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী। এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন।

কক্সবাজারে পৌঁছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের কার্যালয়ে বৈঠক করছেন। বৈঠক শেষে তারা একে একে প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা প্রকল্পগুলোর উদ্বোধনী স্থান, ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা, বৃক্ষরোপণ কর্মসূচির স্থান এবং রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশস্থল পরিদর্শন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত