বাংলাদেশ-ভারত সীমান্তে ভারত সরকারের পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে কসবা পৌর এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে পৌর মুক্তমঞ্চে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন। কাজী সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন মুফতি আবু ইউসুফ মাহমুদী, শরীফ মুহাম্মদ আব্দুল বাতেন, মো. শিবলী নোমানী, হাফেজ নুরুল আমিন, মাওলানা গোলাম সারোয়ার এবং জাহিদ হাসান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মোবারক হোসাইন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসী ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, ‘বিজিবি পুশ-ইন প্রতিরোধে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের এই সাহসিকতাপূর্ণ ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। সীমান্তে এই অন্যায় হত্যা ও পুশ-ইন বন্ধের আন্দোলনে বাংলাদেশের ১৮ কোটি জনগণ এবং ১১ দলীয় ঐক্য সবসময় বিজিবির পাশে রয়েছে।’