'মেসি আবারও বিশ্বকাপ জিততে পারে’, সতর্ক করলেন দেম্বেলে

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:০২ এএম

২০২৬ বিশ্বকাপে অনেক ফুটবল বিশ্লেষকের চোখেই অন্যতম প্রধান ফেভারিট হিসেবে মাঠে নামছে ফ্রান্স। আর ফরাসিদের এই আত্মবিশ্বাসের অন্যতম বড় কারণ দলটির প্রাণভোমরা এবং ২০২৫ সালের ব্যালন ডি'অর জয়ী তারকা ওসমানে দেম্বেলে। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পিএসজির এই ফরোয়ার্ড কথা বলেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং ডাগআউটে জিনেদিন জিদানের সম্ভাব্য আগমন নিয়ে।

বার্সেলোনায় লিওনেল মেসির সাথে ড্রেসিংরুম শেয়ার করা দেম্বেলে সাবেক সতীর্থকে নিয়ে কোনো রকম লুকোছাপা না করেই প্রশংসা করেছেন। আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে দেম্বেলে বলেন:

"মেসি আমার দেখা সেরা খেলোয়াড়। ফুটবল ইতিহাসেরই সে সর্বকালের সেরা। ৩৮ বছর বয়সে এসেও সে সমান বিপজ্জনক এবং তাকে আটকানো এখনো ভীষণ কঠিন। বয়সটা হয়তো ৩৮ হতে পারে, কিন্তু তার ভেতরের ফুটবলীয় গুণগুলো সবসময় একই থাকবে। আমাদের অবশ্যই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ সে আবারও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে।"

২০২২ কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনার কাছেই শিরোপা হারিয়েছিল ফ্রান্স। সেই ক্ষতের কথা মনে করিয়ে দেওয়া হলে ‘মশকিউ’ খ্যাত এই তারকা বলেন, "ফাইনাল হারাটা অবশ্যই হতাশাজনক ছিল, তবে দেখতে দেখতে চার বছর কেটে গেছে। ফরাসি দলে এখন অনেক পরিবর্তন এসেছে, আমি নিশ্চিত আর্জেন্টিনার দলাবস্থাতেও বদল এসেছে। তবে কাতার ফাইনালের সেই স্মৃতি এখন আমাদের আরও ভালো করার বড় অনুপ্রেরণা।"

সাম্প্রতিক মাসগুলোতে ড্রেসিংরুমের নেতৃত্ব এবং বিভিন্ন ইস্যু নিয়ে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সমালোচনা যেন থামছেই না। সতীর্থের কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন দেম্বেলে।

সমালোচকদের ধুয়ে দিয়ে তিনি বলেন, "তার প্রতি প্রচণ্ড অবিচার করা হচ্ছে। কিলিয়ানকে নিয়ে সমালোচনার মাত্রাটা একটু বেশিই হয়ে যায়, অথচ সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়। মাঠের বাইরে সে দারুণ একজন মানুষ, আমি তাকে অনেক দিন ধরে চিনি। স্রেফ তার নাম কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকে তিলকে তাল বানিয়ে সমালোচনা করেন।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত