নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান সোহেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের উত্তর বাদে কনুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সোহেল ওই গ্রামের আলতু মিয়া ও সখিনা আক্তার দম্পতির ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচযন্ত্র বসান সোহেল। সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত লিকেজযুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে পাশে থাকা ভাই ফেরদৌস দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেইন সুইচ বন্ধ করেন এবং তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসির হাবিব তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত