পাউবোর বেরিবাঁধ অপসারণ-সংরক্ষণের দাবিতে পাল্টাপাল্টি মানববন্ধন

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:২৫ পিএম

পটুয়াখালীর দুমকি ও সদর উপজেলার সীমান্তবর্তী মৌকরন বাজার সংলগ্ন ফেদিয়ার খালের ওপর পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো) বেরিবাঁধ অপসারণ ও সংরক্ষণের দাবিতে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুইপাড়ের বাসিন্দারা।

শনিবার (১৩ জুন) বাদ জোহর নামাজের পর মৌকরন বাজার সংলগ্ন ওয়াপদা বেরিবাঁধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মৌকরন ইউনিয়ন অংশে এবং লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা এলাকার কার্ত্তিকপাশা মসজিদ সড়কে পৃথকভাবে পাল্টাপাল্টি মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা।

মানববন্ধনে মৌকরন এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেরিবাঁধের কারণে আবদ্ধ খালের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত না হওয়ায় পরিবেশ দূষণ, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ফসলহানি ও পানিবাহিত রোগবালাই বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, জনভোগান্তি নিরসনে বাঁধ অপসারণ জরুরি।

এদিকে কার্ত্তিকপাশা এলাকার বাসিন্দাদের দাবি, খালের বাঁধ কেটে দিলে তাদের এলাকায় জলাবদ্ধতা বৃদ্ধি পাবে এবং বাড়িঘর ও কৃষিজমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হবে। তাদের মতে, বাঁধ অপসারণের পরিবর্তে স্লুইসগেট সংস্কার ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা সম্ভব।

উভয়পক্ষের বাসিন্দারা এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে একটি টেকসই সমাধানের মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যা নিরসন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত