‘দৈনিক সুনামগঞ্জের সময়’ পত্রিকার মাল্টিমিডিয়ার যাত্রা শুরু

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:১৬ পিএম

সুনামগঞ্জের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দৈনিক সুনামগঞ্জের সময়’ পত্রিকার মাল্টিমিডিয়া সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন ও  প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু হলো আজ।

শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ অতিথিরা। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ হাওরবেষ্টিত অবহেলিত অঞ্চল। দেশের অন্য জেলার চেয়ে উন্নয়নের দিক থেকে আমরা এখনও পিছিয়ে আছি। এই অবহেলিত জনপদের বঞ্চনা ও সম্ভাবনার কথা আপনারা মাল্টিমিডিয়ার মাধ্যমে জোরালোভাবে তুলে ধরেন। তৃণমূলের এই আওয়াজ আমি নিজে সংসদে প্রতিধ্বনিত করব।

এমপি কামরুল বলেন, আওয়ামী আমলে অনেক সংবাদকর্মীকে শুধু ক্ষমতার বন্দনা গাইতে দেখেছি। আমাদের পক্ষে বন্দনা গাইবার কোনো  প্রয়োজন নেই। আমাদের ভুলত্রুটি তুলে ধরেন, গঠনমূলক সমালোচনা করুন এবং সঠিক পথ দেখান। যা সত্য, তাই যেন আপনাদের ক্যামেরায় নির্ভীকভাবে উঠে আসে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে অনেক মিডিয়া বা মাল্টিমিডিয়া গুজব ছড়ায় এবং ব্যক্তিস্বার্থে সংবাদ প্রচার করে। এতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বিনষ্ট হয়। টাকার বিনিময়ে সত্যকে আড়াল করবেন না। বস্তনিষ্ঠ সংবাদ প্রচার করলে পাঠক ও দর্শক আপনাদের লুফে নেবে। কারণ সমাজকে বদলে দিতে সংবাদকর্মীদের ভূমিকাই সবচেয়ে বেশি।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও  'দৈনিক সুনামগঞ্জের সময়' পত্রিকার সম্পাদক সেলিম আহমেদ তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য  অ্যাডভোকেট শেরেনুর আলী, মনাজ্জির হোসেন সুজন,  সেলিম উদ্দিন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত