ডা. মারিয়া কিবতিয়ার
শিশু বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান
নবজাতক ও শিশু বিভাগ, ডিভাইন মারসি হাসপাতাল, ঢাকা।
স্থূলতা বাড়ছে কেন
প্রতিটি শিশুর শারীরিক বৃদ্ধির জন্য পরিমিত পরিমাণে সুষম খাবারের কোনো বিকল্প নেই। শিশুর বৃদ্ধি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খাদ্যের অভাবে যেমন শিশু অপুষ্টির শিকার হতে পারে, ঠিক তেমনি অতিরিক্ত খাবার এবং চাহিদার তুলনায় অতিরিক্ত পুষ্টি শিশুকে স্থূলাকার বানিয়ে তোলে, যা শিশুর জন্য ক্ষতিকর। আমাদের সমাজে ইদানীং অপুষ্ট শিশুর তুলনায় স্থুলাকার শিশুই বেশি দেখা যায়, যদিও এ ব্যাপারটা নিয়ে আমরা একদমই চিন্তিত হই না বরং শিশু একটু মোটা হলেই আমরা বেশি খুশি হই।
শিশুর স্থূলতা বলতে কী বোঝায়
শিশু যদি বয়সের তুলনায় অতিরিক্ত ওজন বৃদ্ধি করে এটিকেই স্থুলতা বলে। স্থুলতা বলতে গেলে শিশুর বিএমআই পরিমাপ করতে হয়। শিশুর বিএমআই (কেজি/মি. ২) চার্টে ফেলে তার বয়স অনুযায়ী যদি ৮৫ পারসেনটিসের বেশি থাকে তাহলে সেই শিশুকে ওভারওয়েট বা স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের ধরা হয়। আবার বিএমআই ৯৫ পারসেনটিসের ওপরে গেলে শিশুটিকে স্থূল শিশু হিসেবে ধরা হয়।
শিশুদের স্থূলতার কারণ কী
চাহিদার তুলনায় অতিরিক্ত খাদ্য গ্রহণ। কম পরিমাণে শারীরিক পরিশ্রম। ইনডোর গেমসের প্রভাব। এ ছাড়া হরমোনাল কোনো সমস্যা থাকলে যেমন
হাইপোথাইরয়ডিজম, কুশিং সিন্ড্রোম ইত্যাদিতেও শিশু স্থূল হতে পারে।
স্থূলতার ক্ষতিকর প্রভাব কী
স্থূল শিশুরা বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যায় ভুগতে থাকে। স্থূল শিশুদের হাই ব্লাডপ্রেশার, ডায়াবেটিস, ফ্যাটি লিভারসহ অন্যান্য জটিল রোগের সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত ওজনের শিশুরা মানসিকভাবেও অনেক বিপর্যস্ত থাকে। তারা কারও সঙ্গে ঠিকমতো মিশতে পারে, কথা বলতে লজ্জা বোধ করে, যা তার মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। এ ছাড়া এসব শিশুদের হার্টের রোগ, স্ট্রোক, হাড়ক্ষয়সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
স্থূলতার প্রতিকার কী
শিশুকে তার ক্যালরি অনুযায়ী পরিমিত পরিমাণে সুষম খাদ্য দিতে হবে। শিশুকে বাসায় তৈরি টাটকা খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। ফাস্ট ফুড, জাংক ফুড বা বাইরের বেকারি ফুড পরিহার করতে হবে। শিশুকে প্রতিদিন ২ ঘণ্টা করে হাঁটার অভ্যাস করানো। শিশুর জন্য পর্যাপ্ত পরিমাণে খেলাধুলা এবং দৌড়াদৌড়ির ব্যবস্থা করা। টিভি, ইন্টারনেট দেখার ব্যাপারে শিশুকে নিরুৎসাহিত করতে হবে। টিভি দেখার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে হবে। শিশু বেশি স্থূল হয়ে গেলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মতো ডায়েট চার্ট অনুযায়ী খাবার-দাবার দিতে হবে। হরমোনাল কোনো সমস্যা থাকলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করা।