নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:০৮ পিএম

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর আয়োজিত গুরুত্বপূর্ণ ‘হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) তার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ১৯ জুন নিউ ইয়র্কে জাতিসংঘের এই উচ্চপর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সফর শেষে আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, এবারের সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মানবিক বিষয়ক সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ।

জাতিসংঘের এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তা সমন্বয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর এই আয়োজনে সদস্য রাষ্ট্র, দাতা দেশ এবং জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থা একত্রিত হয়ে মানবিক সহায়তার বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে থাকে।

এবারের সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থা মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইনের যথাযথ প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার এজেন্ডায় রয়েছে। এসব সংকট উত্তরণে সম্মিলিত বৈশ্বিক সাড়াদান এবং মানবিক সহায়তা জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

এই সম্মেলনে জাতিসংঘ সদস্য দেশগুলোর প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সাহায্যকারী সংস্থা, বেসরকারি সংস্থা (এনজিও), শিক্ষাবিদ এবং সংকট কবলিত বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত