মেসির শহরের ম্যাচে গোলাপি জার্সি গায়ে নামবেন রেফারিরা 

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:৪২ পিএম

ফুটবল মাঠে রেফারির বাঁশি কিংবা কার্ডের রঙ নিয়ে আলোচনা চেনা গল্প। তবে এবার আলোচনার রেফারিদের পোশাকের রঙ নিয়েও। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর উরুগুয়ে ও সৌদি আরবের মধ্যকার ম্যাচে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হচ্ছেন ম্যাচ অফিশিয়ালরা। চিরাচরিত কালো, হলুদ বা নিয়ন রঙের জার্সি ছেড়ে এদিন তাদের গায়ে জড়ানো থাকবে মায়ামি শহরের প্রতীক ‘গোলাপি’ রঙের জার্সি। বিশ্বকাপের মঞ্চে রেফারিদের এমন ফ্যাশনেবল ও প্রতীকী উদ্যোগ ফুটবলের ইতিহাসে এক বিরল ঘটনা।

সাধারণত লাতিন আমেরিকার এই সমুদ্রঘেরা শহর মায়ামির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্র সৈকত, ওশান ড্রাইভে ছুটে চলা ভিন্টেজ ক্যাডিলাক গাড়ি, আর্ট ডেকো স্থাপত্য আর নজরকাড়া গোধূলির আকাশ। তবে এই শহরের অন্যতম বড় প্রতীক হলো 'গোলাপি ফ্লেমিঙ্গো' পাখি। আমেরিকার এই শহরের সংস্কৃতি ও আতিথেয়তাকে বিশ্বমঞ্চে কুর্নিশ জানাতেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা রেফারিদের জন্য এই বিশেষ পোশাকের নকশা করেছে।

বিশ্বকাপ শুরুর আগে দীর্ঘ প্রায় দুই মাস ধরে মায়ামিতেই অবস্থান করছে ফিফার অফিশিয়াল রেফারি দল। সেখানে তাদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। শহরটির এই চমৎকার আতিথেয়তার প্রতি ঋণ স্বীকার করতেই আজ রাতের ম্যাচে ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি এবং তার পুরো টিম এই ‘পিঙ্ক ফ্লেমিঙ্গো’ জার্সি পরে মাঠে নামবেন।

ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান ও কিংবদন্তি ফুটবল রেফারি পিয়েরলুইজি কলিনা এই অভিনব ভাবনার পেছনে যুক্তি দিয়ে বলেন, “আমরা যে শহরে টানা দুই মাস ধরে আছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটি একটি দারুণ উপায়। এই গোলাপি রঙটি আসলে মায়ামির আতিথেয়তার প্রতি আমাদের দেওয়া এক ধরণের স্বীকৃতি।”

একই সুর শোনা গেছে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর কণ্ঠেও। এই উদ্যোগের প্রশংসা করে তিনি যোগ করেন, “গোলাপি হলো মায়ামির আসল পরিচয়। যে শহরটি আমাদের এত সুন্দরভাবে আগলে রেখেছে, তাদের মুখে কিছুটা হাসি ফোটাতে এবং একটা 'শাউট-আউট' দিতেই আমাদের এই বিশেষ প্রয়াস।”

ফুটবল বিশ্লেষকদের মতে, ফিফার এই পদক্ষেপ কেবল একটি পোশাক পরিবর্তন নয়, বরং এটি ফুটবলের সাথে আয়োজক শহরের আবেগীয় সংযোগ তৈরির এক চমৎকার উদাহরণ।

উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সময় মঙ্গলবার ভোর ৪টায়। এই ম্যাচসহ চলতি আসরে মায়ামি স্টেডিয়ামে গড়াবে মোট ৭টি ম্যাচ। যেখানে গ্রুপপর্বে ব্রাজিল-স্কটল্যান্ড, কলম্বিয়া-পর্তুগাল এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়াও গড়াবে একটি কোয়ার্টার ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত