ছোট্ট শিশুর খেলনা হিসেবে সফট টয় খুব উপযোগী। অথচ এসব সফট টয়েই সবচেয়ে বেশি ময়লা জমে। কারণ নরম ফোম দিয়ে তৈরি। তাই ঘাম ও ধুলাময়লা শোষণ করে নেয় এটি। শিশু যদি এগুলো নিয়ে রোজ খেলে, তাহলে সেগুলো নিয়মিত পরিষ্কার করতেই হবে। কারণ এই সফট টয় থেকে শিশুর ত্বকে র্যাশ, চুলকানি হতে পারে। আবার যদি খেলার ছলে সফট টয়ে মুখ দেয়, তখন পেটের সমস্যাও দেখা দিতে পারে। অনেক সময় চোখেও অ্যালার্জি দেখা দেয়। তাই সফট টয় পরিষ্কার রাখা উচিত। কিন্তু সব সময় পানিতে সেগুলো ধোয়া যায় না। ফোম নষ্ট হয়ে যায়।
যা করবেন
সফট টয় ধোয়ার আগে অবশ্যই লেবেল বা ট্যাগ দেখে দিন। যাচাই করে নিন খেলনাটি ওয়াশিং মেশিনে ধোয়া যাবে কি না। যদি ড্রাই ক্লিন লেখা থাকে, তাহলে সেটা পানিতে ধোয়া যাবে না।
যেসব সফট টয় পানিতে ধোয়া যায়, সেগুলো ওয়াশিং মেশিনে চাইলে ধুয়ে নিতে পারেন। ডিটারজেন্ট দিয়েই সেগুলো ধুয়ে নিতে পারেন। এ ছাড়া যেগুলো মেশিনে কাচা যাবে না, সেগুলো হালকা গরম পানিতে ডিটারজেন্ট গুলে হাতেই ধুয়ে নিতে পারেন।
যেসব খেলনা পানিতে ধোয়া যাবে না, সেগুলো বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। সফট টয়ের ওপর বেকিং সোডা ছড়িয়ে দিন। তারপর নরম ব্রাশ বা শুকনা কাপড় দিয়ে ঝেড়ে নিন। এতে সব ময়লা পরিষ্কার হয়ে যাবে।
খেলনা পানিতে ধোয়ার পরে কড়া রোদে শুকিয়ে নিন। রোদে সব ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি সফট টয়ে বাজে গন্ধও ছাড়বে না। ওয়াশিং মেশিনে ধোয়ার পরও সেগুলো রোদে শুকিয়ে নিন।