মাধবপুরে চুরি হওয়া মালামাল উদ্ধার, প্রশংসিত পুলিশ

আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:২১ এএম

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে এক সাংবাদিকের নির্মাণাধীন বাসা থেকে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মালামাল মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ ও তৎপরতার হবিগঞ্জ পুলিশের  প্রশংসা করেছেন স্থানীয়রা। বিশেষ করে পুলিশ সুপার ও মাধবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রশংসা করেছেন তারা।

জানা যায়, মাধবপুর পৌর শহরের সাংবাদিক আলমগীর কবিরের নির্মাণাধীন বাসা থেকে ইলেকট্রিক্যাল বড় ফ্যান, ড্রিল মেশিন, রামদা মেশিন, ভেন্ডিং মেশিন, করাত, পিন কাটার, বাটাল, স্কুটি এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে।

হবিগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং মাধবপুর থানার ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়। পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং দক্ষ তদন্ত কার্যক্রমের ফলেই অল্প সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বেড়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আলমগীর কবির পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চুরি হওয়া মালামাল এত দ্রুত উদ্ধার হবে, তা আমি কল্পনাও করিনি। হবিগঞ্জের পুলিশ সুপার ও মাধবপুর থানার ওসিসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এদিকে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও পুলিশ একইভাবে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, আমরা সবসময়ই মানুষের মঙ্গল চিন্তা করি।যেভাবে মানুষের ভালো হয় সেভাবেই কাজ করার চেষ্টা করি। তবে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

 




 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত