ট্রাম্প ও ইলন মাস্কসহ ভিআইপিদের টার্গেট করেছিল ৫ জঙ্গি

আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:২৯ এএম

হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ড্রোন এবং স্নাইপার ব্যবহার করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে এফবিআই। এই ঘটনায় জড়িত অভিযোগে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন বিচার বিভাগ। মঙ্গলবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে, গত রবিবার হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত এই ইভেন্ট চলাকালে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে পার্শ্ববর্তী ভবনগুলোতে আঘাত এবং ‘উচ্চ পর্যায়ের লক্ষ্যবস্তু’ বা ভিআইপিদের স্নাইপার দিয়ে গুলি করে হত্যার পরিকল্পনা করেছিল ষড়যন্ত্রকারীরা। এরপর আতঙ্কে ছোটাছুটি করা জনতাকে টার্গেট করে স্নাইপার দলের হামলার এবং দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের গেট ভেঙে ভেতরে প্রবেশের ছক ছিল তাদের।

গ্রেপ্তার পাঁচজন হলেন- ওহাইও থেকে গ্রেপ্তার ১৯ বছর বয়সী টাইসেন সি প্রপার, ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এসক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। এদের প্রত্যেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানার বিধান রয়েছে।

আদালতের নথি অনুযায়ী, এই গোষ্ঠীর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মতো ব্যক্তিরা ছিলেন। ষড়যন্ত্রকারীরা সরকারি দুর্নীতি, এপস্টাইন ফাইলের ব্যবস্থাপনা এবং পরিবেশগত ইস্যু নিয়ে ক্ষুব্ধ ছিল। তাদের দাবি ছিল, আমেরিকাকে সঠিক পথে ফেরাতে এবং নতুন করে গড়তে পুরনো ব্যবস্থা ভেঙে ফেলা প্রয়োজন।

এই ভয়াবহ ষড়যন্ত্রের সূত্রপাত হয় টাইসেন সি প্রপারের মাকে কেন্দ্র করে। প্রপারের অতিরিক্ত আগ্নেয়াস্ত্র কেনা এবং অনলাইনে একটি উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ দেখে মা ভীত হয়ে ১০ জুন স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। এরপরই নড়েচড়ে বসে এফবিআই।

তদন্তে জানা যায়, টিকটকে ‘ভ্যানগার্ড অফ দ্য ওল্ড রিপাবলিক’ নামে একটি গ্রুপের মাধ্যমে মার্চ মাস থেকে তারা যোগাযোগ শুরু করে। পরবর্তীতে সিগন্যাল অ্যাপের এনক্রিপ্টেড গ্রুপে তারা হামলার বিস্তারিত পরিকল্পনা সাজায়। গ্রেপ্তারদের কাছ থেকে ওয়াশিংটনের মানচিত্র ও স্নাইপার পজিশনের নকশা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আলভারেজ ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছিলেন।

ঘটনাটি নিয়ে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, বহু অঙ্গরাজ্য জুড়ে পরিচালিত অভিযানের মাধ্যমে এই হামলা পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সেভাবে বিস্তারিত কথা বলতে রাজি হননি সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন। অন্যদিকে, ফ্রান্সের জি৭ সম্মেলনে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, আমেরিকার ২৫০তম বার্ষিকী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে গত রবিবার হোয়াইট হাউসের ‘দ্য ক্ল’ নামক স্থানে এই ইউএফসি ইভেন্টটি আয়োজিত হয়েছিল, যেখানে সরাসরি প্রায় ৪ হাজার ৩০০ দর্শক উপস্থিত ছিলেন। মার্কিন রাজনীতিতে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থার উত্থান নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী ২৯ জুন এই মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত