সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
মারা যাওয়া শিশুরা হল—দিবানি পাল ও রাইয়ান। তাদের বয়স ১ বছরের নিচে এবং তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে বিভাগে এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৫ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামের রোগী হিসেবে প্রমাণিত হয়েছেন। বাকিরা হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন হিসেবে মারা গেছে।
এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ২ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৭১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের নজরদারি ও তৎপরতা জোরদার করেছে।