দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে ভাসুরের হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় গৃহবধূ সানজিদা রহমান হেপি আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কানচোয়া গ্রামের তাফাজ্জল মিয়া তার তিন ছেলেকে বাড়ীর জায়গা হেবা দলিলের মাধ্যমে বন্টন করে দেন। ওই জায়গায় ছোট ছেলে এনামুল হক রান্না ঘর উঠাতে গেলে, বড় ভাই রুহুল আমিন বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে ছোট ভাই এনামুল হক ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সানজিদা রহমান আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।
আহত সানজিদা রহমান বলেন, আমার স্বামী ও আমাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। আমি গর্ভবতী অবস্থায় হামলার শিকার হয়েছি। আমাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. আব্দুল বারি জানান, দৌলতপুর ইউনিয়নের পারিবারিক বিষয় নিয়ে মারামারির একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়