‘প্রতিমন্ত্রীর আত্মীয়’ পরিচয়ে প্রতারণা, থানায় অভিযোগের পর গ্রেপ্তার ১

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

রাজধানী শাহবাগ থানা এলাকায় প্রতারণার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম- মো. এরশাদ আকন্দ (৩৮)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) বিকাল আনুমানিক ৪টার দিকে শাহবাগ থানাধীন একটি হোটেলের নিচতলায় বসে মো. এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দেন। তিনি বাদী জনৈক ছেলেকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টার দিকে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ আকন্দকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত