কমে আবার বেড়েছে চালের দাম

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:১৩ এএম

সদ্যই ঘরে উঠেছে বোরো মৌসুমের ধান। গত এপ্রিলের মাঝামাঝিতে ধান কাটা শুরু হওয়ার মাসখানেকের মধ্যে কমতে শুরু করে চালের দাম। সে সময় যেটুকু কমেছিল তা আবারও বেড়েছে। গত এক সপ্তাহে ঢাকার খুচরা বাজারে সব ধরনের চালের দামই বেড়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তবে অন্যান্য পণ্যের মধ্যে সবজির দাম স্থিতিশীল রয়েছে। কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দাম।

 ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবারের বাজার বিশ্লেষণের তথ্য বলছে, চিকন চালের দাম মাসখানেক আগে সর্বনিম্ন ৭০ টাকায় নেমেছিল। যা এখন আবার ৭২ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে ২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। দোকানিরা বলছেন, ভালো মানের চিকন চালের দাম যেটা ৩ থেকে ৫ টাকা কমে ৮০ থেকে ৮২ টাকায় নেমেছিল সেটাও আবার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবি বলছে, এক মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ। এছাড়া মাঝারি মানের চিকন চালের দাম ২ দশমিক ৫০ শতাংশ এবং মোটা চিকন চালের দাম ৩ দশমিক ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

টিসিবির তথ্যানুযায়ী, মাঝারি মানের যেসব চিকন চাল ৫২ টাকায় নেমেছিল সেগুলো আবার দাম বেড়ে ৫৫ টাকায় হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে মোটা চালের দাম। এক মাস আগে মোটা চালের দাম কমে ৪৮ টাকা হলেও সেটা আবারও বেড়ে ৫২ টাকায় উঠেছে। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৪ টাকা।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মেরুল বাড্ডার মুদি দোকানি মিজান বলেন, ‘পাইকারি বাজারে কিছুদিন ধরে দাম বাড়তি। যার প্রভাব পড়ছে খুচরা দামে। বেশি দামে কেনার কারণে আমাদেরও বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।’

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কোরবানির ঈদের সময় পরিবহন সংকটের কারণে চালের সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে, যা এখন আবার স্বাভাবিক। তেলের দাম বৃদ্ধির কারণেও ভাড়া বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, যেটুকু ভাড়া বেড়েছে তাতে করে চালের দাম কেজিতে চার টাকা বৃদ্ধির সুযোগ নেই। তারপরও বেড়েছে।

এদিকে চালের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। যদিও এই সময় সবজির দাম তুলনামূলক চড়াই থাকে। বাজারে লম্বা বেগুন, করলা প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। কচুর মুখি, গোল বেগুন, বরবটি, ধুন্দল, ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। চিচিংগা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। ছোট পটল ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দামও। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। 

এদিকে দাম আরও কমে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। কমেছে ফার্মের ডিমের দাম। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। যা মাসখানেক আগেও ছিল দেড়শ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত