২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের একটি ইতিবাচক ও বাস্তবমুখী রোডম্যাপ হিসেবে অভিহিত করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে আইবিএফবির সভাপতি লুতফুন নিসা সৌদিয়া খান বলেন, বাজেটে বিনিয়োগ, শিল্পায়ন, এসএমই উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তবে, তিনি উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।