ন্যাটোর যেকোনো হামলার জবাব কঠোরভাবে দেবে রাশিয়া

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

রাশিয়ার ভূখণ্ডে ন্যাটোভুক্ত কোনো দেশের হামলা হলে তার জবাব কঠোর ও শক্তভাবে দেওয়া হবে বলে সতর্ক করেছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। 

এক বিবৃতিতে জাখারোভা বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি রুশ ভূখণ্ডে হামলা চালায়, তবে রাশিয়া তার ‘দৃঢ় ও বিধ্বংসী’ জবাব দেবে। একই সঙ্গে তিনি বলেন, দেশটি তার ঐতিহাসিক স্মৃতি এবং যুদ্ধস্মারকগুলো রক্ষায় আপসহীন থাকবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও সতর্ক করে বলেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল কালিনিনগ্রাদকে লক্ষ্য করে কোনো ধরনের অবরোধ বা হামলার চেষ্টা করা হলে তারও গুরুতর পরিণতি হবে।

এ বিষয়ে রুশ কর্মকর্তারাও আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার বা এর সঙ্গে যোগাযোগ বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা মস্কো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।

রাশিয়া ও ন্যাটোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মস্কোর পক্ষ থেকে এ ধরনের কঠোর সতর্কবার্তা এলো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই পক্ষের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত