পৃথিবীর সবচেয়ে পুষ্টিসমৃদ্ধ ও ঔষধি ফলগুলোর মধ্যে ডালিম অন্যতম। এটিকে পবিত্র কোরআনে জান্নাতের ফল হিসেবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, ‘সেখানে আছে ফলমূল, খেজুর ও ডালিম। অতএব (হে জিন ও মানুষ!) তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?’ (সুরা আর-রহমান ৬৮) এভাবে মহান আল্লাহ জান্নাতবাসীদের জন্য ডালিমের নেয়ামতের কথা বর্ণনা করেছেন।
ডালিম বদহজম দূর করে। এটি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। আলী (রা.) বলেছেন, ‘তোমরা খোসাসহ ডালিম খাও। কেননা তা পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে।’ (মাজমাউজ জাওয়ায়েদ ৫/৯৯)
মহান আল্লাহ বলেন, ‘আর তিনিই সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ, যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুরগাছ ও শস্য, যার স্বাদ বিভিন্ন রকম, জয়তুন ও ডালিম, যার কিছু দেখতে এক রকম আর কিছু ভিন্ন রকম। তোমরা তার ফল থেকে আহার করো, যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও। আর অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা আনআম ১৪১) আরবিতে ‘রুম্মান’ শব্দের অর্থ ডালিম। ডালিমের আদি নিবাস ইরাক ও ইরানে। ককেশাস অঞ্চলে এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে ভারত উপমহাদেশে বিস্তার লাভ করে। বর্তমানে এটি তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া, স্পেন, আজারবাইজান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, লেবানন, মিসর, চীন, সৌদি আরব, জর্ডান, ফিলিপাইনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার শুষ্ক অঞ্চল, ভূমধ্যসাগরীয় দক্ষিণ ইউরোপ এবং আফ্রিকায় ব্যাপকভাবে চাষাবাদ করা হয়।
বাংলায় ডালিম, বেদানা বা আনার নামে পরিচিত। ডালিম গাছ গুল্মজাতীয় উদ্ভিদ। ৫ থেকে ৮ মিটার পর্যন্ত লম্বা হয়। এর পাকা ফল দেখতে লালচে হয়। এই ফল দেখতে যেমন সুন্দর, তেমনি এর পুষ্টিগুণও ব্যাপক। ডালিমে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রতিদিন ডালিম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং হার্টের ধমনির প্রদাহ কমায়। হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং রক্তশূন্যতা কমায়। আঁশ থাকায় হজমশক্তি বাড়ায় এবং অন্ত্রের নড়াচড়া নিয়মিত করে।
ডালিম স্মৃতিশক্তি বৃদ্ধি করতে ভূমিকা রাখে। হাড়ের ব্যথা কমায়। ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে, ভিটামিন ঘাটতি পূরণ করে শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়। সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। ডালিমের দানাতেই নয়, খোসাতেও রয়েছে নানাবিধ উপকারিতা। ডালিমের খোসায় প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে। ডালিমের দানা, খোসা এবং পাতার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
পুষ্টিসমৃদ্ধ সুমিষ্ট ফল হিসেবে ডালিমের পরিচিতি যেমন রয়েছে, তেমনি স্বাস্থ্যের জন্যও এটি বেশ উপকারী। সম্ভব হলে মাঝেমাঝে ডালিম ফল খাওয়া উচিত। ডালিমকে বলা হয় জান্নাতের ফল। মহান আল্লাহ জান্নাতবাসীদের যেসব ফলমূল খেতে দেবেন সেই তালিকায় ডালিমের কথাও রয়েছে। জান্নাতে শুধু ডালিম পাওয়া যাবে এমন নয়, বরং জান্নাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। চিরস্থায়ী জান্নাতে যেসব নেয়ামত রয়েছে তা মানুষের কল্পনার বাইরে।
লেখক : ইসলামি গবেষক