ধানমন্ডিতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০০ এএম

রাজধানীর ধানম-ির একটি বহুতল ভবন থেকে পড়ে রিক্তা নামে ১১ বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, আগেই হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়েছে। তবে ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল শুক্রবার ধানম-ির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে ধানম-ি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধানম-ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মৃত শিশু গৃহকর্মী রিক্তা ধানম-ির ওই ভবনের দশ তলায় একটি বাসায় এক মাস ধরে কাজ করে আসছিল। গতকাল শুক্রবার সকালে বাসার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তখন তাকে উদ্ধার করে দ্রুত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মৃত রিক্তার বাবা মো. শাহিন মিয়া জানান, তাদের বাড়ি সুনামগঞ্জের সালনা থানার নিজগাঁও গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী মাজেদা ও তিন সন্তানকে নিয়ে গাজীপুর টঙ্গী এলাকায় থাকেন। চার সন্তানের মধ্যে রিক্তা ছিল দ্বিতীয়। জানা গেছে, ওই বাসায় গৃহকর্তা, তার স্ত্রী এবং তাদের দুই সন্তানের সঙ্গে শিশুটি থাকত।

রিক্তার বাবার অভিযোগ, দশ তলা থেকে পড়ে মৃত্যুর মতো আঘাতের চিহ্ন তার মেয়ের শরীরে ছিল না। তার দাবি, মেয়েকে আগেই হত্যা করা হয়েছে। তার বাবা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিক্তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

সিলেটের সুনামগঞ্জ থেকে কাজের সন্ধানে গাজীবুর রহমান নামে এক ব্যক্তির মাধ্যমে ঢাকায় আসে রিক্তা। এরপর আইয়ুব আলী নামে আরেক ব্যক্তির মাধ্যমে রাজধানীতে রিক্তকে কাজের ব্যবস্থা করে গাজীবুর। যে বাসায় কাজ দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে, পরিবারের অজান্তে ১০ হাজার টাকার বিনিময়ে অন্য একটি বাসায় পাঠিয়ে দেওয়া হয় রিক্তাকে। গাজীবুর বলেন, যে বাসায় দেওয়া হয়, ওই বাসার মালিক শুক্রবার সকাল ৮টার দিকে কল দেয়। কল দিয়ে বলেন, ভাই মেয়েটা তো অসুস্থ বেশি, হাসপাতালে ভর্তি করিয়েছি। আপনারা একটু আসেন। এরপর মেডিকেলে আসার পর শুনি বাচ্চাটা মারা গেছে।

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু : রাজধানীর কলাবাগান ভূতের গলি এলাকার একটি ৬ তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত