ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

আপডেট : ২০ জুন ২০২৬, ১১:০৯ এএম

ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক।

জানা যায়, পটুয়াখালী শহরের কাজী রাফি নামের ওই তরুণ গতকাল শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে তাহলে তিনি মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর শনিবার শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে ব্রাজিল সমর্থকদের উপস্থিতিতে তার মাথা ন্যাড়া করা হয়।

এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, ‘গতকাল ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ শনিবার (২০ জুন) ঝাউবন এলাকায় এসে তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। সে কথা দিয়ে কথা রেখেছে।’

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। তাই নিজের কথা রেখেছি।’

ঘটনাটি দেখতে ঝাউবন এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে সমর্থকদের এমন ব্যতিক্রমী উদযাপন এলাকায় আনন্দের খোরাক জুগিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত