পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৭ জুন) কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে এলাকার অসহায়, দুস্থ, নিম্নআয়ের মানুষ ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ক্যাম্পে মোট ৪২৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তারা নিয়মিত বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ইটবাড়িয়ায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
কোস্ট গার্ড কর্তৃপক্ষ আরও জানায়, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।