রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে মীরহাজীরবাগ পাইপ রাস্তার একটি বাড়ির ৬ষ্ঠ তলার বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত বিজয়ের ছোট ভাই মো. রুমান হোসেন জানান, তাদের বাড়ি বরিশাল কাজীরহাট থানায়। শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী বিজয়। তার মা রুনু বেগম অন্যের বাসায় কাজ করেন। সকালে তিনি কাজে চলে যান। রুমানও বাইরে চলে যান। বেলা পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে চলে যাবার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উঁকি দিলে দেখেন, ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে বিজয়।
তখন সঙ্গে সঙ্গে তিনি আশপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকেন। পরবর্তীতে ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।
রুমান আরও জানান, বিজয় খুব বদমেজাজি ছিল। কারও কাছে কিছু শেয়ার করত না। তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলাও যেতো না তাকে। তবে এই ঘটনা কেন ঘটিয়েছে, সেটি কারও জানা নেই।
এদিকে, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দরজা খোলা পাওয়া যায়। মরদেহটি ফ্যানের সাথে রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়েছেন বিজয়। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।