ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ জুন) ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পূর্বপাড়া হাসপাতাল রোডে মফিজ উদ্দিন হাওলাদারের বাড়ির সামনের এলাকা থেকে মো. আলামিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আলামিন পূর্বপাড়া হাসপাতাল রোড এলাকার বাসিন্দা।
ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।