মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়ন নিয়ে ক্ষোভ

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:১০ এএম

মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ বাস্তবায়নের উদ্যোগ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা। তাদের দাবি, এই বিধিমালা কার্যকর হলে দেশের ক্লোজড-এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ড খাতসহ সামগ্রিক পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ অবস্থায় বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে বাংলাদেশ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্যফ্রন্ট আয়োজিত এক সেমিনারে এসব দাবি তুলে ধরা হয়। সেমিনারে বিভিন্ন বিনিয়োগকারী সংগঠনের প্রতিনিধি, পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি ম. জহুরুল হক বলেন, গত সপ্তাহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান আশ্বাস দিলেও বাস্তবে মেয়াদি মিউচুয়াল ফান্ড বন্ধ ও রূপান্তরের উদ্যোগ অব্যাহত রয়েছে। তার অভিযোগ, কমিশনের একটি অংশ বাজারসংশ্লিষ্টদের আপত্তি ও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বিধিমালাটি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, প্রায় দুই সপ্তাহ আগে কয়েকজন বিনিয়োগকারী আদালতে বিধিমালার আওতায় বিদ্যমান মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন ও রূপান্তর প্রক্রিয়া স্থগিতের আবেদন করলে আদালত সাময়িক স্থগিতাদেশ দেয়। তবে পরে বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এতে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

বক্তারা বলেন, মিউচুয়াল ফান্ড আইন-২০২৫-এর ৬২(২) ধারা অনুযায়ী বাজারমূল্য বা লেনদেন মূল্যের সঙ্গে প্রকৃত সম্পদ মূল্যের তুলনা করে মেয়াদি ফান্ড অবসায়ন বা বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের যে বিধান রাখা হয়েছে, তার কোনো আন্তর্জাতিক নজির নেই। বিশেষজ্ঞদের মতে, বাজারমূল্য কখনোই সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে না। প্রকৃত পারফরম্যান্স মূল্যায়ন হওয়া উচিত ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ও ফেস ভ্যালুর ভিত্তিতে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং ভালো ও দুর্বল ফান্ড আলাদা করা সম্ভব হবে।

এ সময় বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসেন, বিনিয়োগকারী ঐক্যফ্রন্টের সাংগঠনিক সম্পাদক গণেশ রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত