ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচেও হার বাংলাদেশের

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:১২ পিএম

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে চট্টগ্রামে যায় বাংলাদেশ। তবে সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেন তাওহীদ হৃদয়রা। আজ তৃতীয় ও শেষ ম্যাচেও একই পরিণতি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় অজিদের কাছে ৭ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের টপ অর্ডার। পাওয়ার প্লের ৬ ওভারে ২২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারে রান আউটের শিকার হন ওপেনার তানজিদ হাসান (৫)। সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পাওয়া সাইফ হাসানও দায়িত্ব নিতে পারেননি। এক বল পরই ফেরেন ব্যক্তিগত ১ রানে। তিন নম্বরে নামা পারভেজ হোসেন ইমন ১৩ বল খেললেও মাত্র ১ রান করতে পারেন।

এরপর একপ্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেন অধিনায়ক হৃদয়। তবে অন্য প্রান্তে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। একে একে আউট হন নুরুল হাসান (৬), শামীম পাটোয়ারি (০), রিশাদ হোসেন (১৬), নাসুম আহমেদ (০) ও শরিফুল ইসলাম (৭)। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ফিফটি পূর্ণ করেন হৃদয়। তার ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে।

সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সফরকারী অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার জশ ইংলিশ করেন ১৭ রান। পরে কুপার কনোলির ১৫ এবং অপরাজিত থাকা টিম ডেভিডের ৩ বলে ১২ রানে ৩ উইকেট হারালেও ৫৪ বল আগেই জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে উইকেট ৩টি নেন নাসুম, শরিফুল ও রিশাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত