টি-টোয়েন্টিতে ভরাডুবি

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৩৩ এএম

মিরপুরের স্পোর্টিং উইকেটেও ওয়ানডে সিরিজে বেশ দাপট দেখায় বাংলাদেশ। খুব কাছে গিয়ে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হলেও ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে সিরিজ হারায় স্বাগতিকরা। এরপর চট্টগ্রামে গিয়ে টি-টোয়েন্টিতে ভরাডুবি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেন তাওহীদ হৃদয়রা। গতকাল তৃতীয় ও শেষ ম্যাচেও একই পরিণতি হয়। ব্যাটিং ব্যর্থতায় অজিদের কাছে ৭ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল।

গতকালের ম্যাচে হারের ধরন কিছুতেই মানতে পারছেন না প্রধান কোচ ফিল সিমন্স, ‘আমাদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজগুলোতে যেভাবে খেলেছি, সে হিসেবে এটা অত্যন্ত হতাশাজনক। দ্বিতীয় ম্যাচে হারার পরও ছেলেদের মানসিকতা দেখে আমি খুশি ছিলাম। তবে প্রথম ম্যাচ ও আজকের (গতকাল) ম্যাচÑ বিশেষ করে ব্যাটিং ইউনিট খুব হতাশ করেছে। বোলারদের জেতানোর মতো কিছুই দিতে পারেনি তারা।’

হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ব্যাট করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয়ের ৫১ বলে অপরাজিত ৬১ রানের পরও কোনোভাবে ১০০ পার হয় স্বাগতিকদের পুঁজি। ৮ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে রানআউটের শিকার হন ওপেনার তানজিদ হাসান (৫)। এক বল পরই ব্যক্তিগত ১ রানে আউট সাইফ হাসান। তিন নম্বরে নামা পারভেজ হোসেন ১৩ বলে মাত্র ১ রান করেন। এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেন হৃদয়। তবে অন্য প্রান্তে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। একে একে আউট হন নুরুল হাসান (৬), শামীম পাটোয়ারী (০), রিশাদ হোসেন (১৬), নাসুম আহমেদ (০) ও শরিফুল ইসলাম (৭)। এই ধ্বংসস্তূপের মধ্যেও হৃদয়ের ফিফটিতে কোনোভাবে তিন অঙ্কে পৌঁছায় বাংলাদেশের ইনিংস।

যে উইকেটে রান তুলতে হাঁসফাঁস করেন স্বাগতিক ব্যাটাররা, সেই একই উইকেটে তাণ্ডব চালান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অন্য ওপেনার জশ ইংলিশ করেন ১৭ রান। পরে কুপার কনোলির ১৫ রানের সঙ্গে টিম ডেভিডের ৩ বলে অপরাজিত ১২ রানের সৌজন্যে ৩ উইকেট হারালেও ৫৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত