দেশের প্রথম ক্যাশলেস কারা ব্যবস্থাপনার কার্যক্রম চালু হয়েছে রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জ কারাগারে। এরই মধ্যে দিয়ে আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট কারাপ্রযুক্তির নতুন যুগে পদার্পণ করল বাংলাদেশ। এ কার্যক্রম চালুর কারণে এখন থেকে এ জেলা কারাগারের বন্দিদের সব ধরনের লেনদেন সম্পূর্ণ ডিজিটাল ও নগদ টাকাবিহীন করা হয়েছে। গতকাল রবিবার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারা মহাপরিদর্শক তথা আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এ আধুনিকায়ন কার্যক্রম শুরু হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের ‘প্রিজন্স আইসিটি সেল’ কারিগরিতে সহযোগিতায় রয়েছে।
তিনি আরও জানান, ক্যাশলেস নিয়মে স্বজনরা কারাগারে এসে বন্দিদের জন্য যে অর্থ প্রদান করবেন-তা ভার্চুয়ালি বন্দিদের নির্দিষ্ট হিসাব বা অ্যাকাউন্টে জমা হবে। পরে কারাবন্দিরা তাদের অনুকূলে থাকা আরএফআইডি কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই কারাক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কেনাকাটা করতে পারবেন। তা ছাড়া এ পদ্ধতির কারণে কারাগারের ভেতর বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। একই সঙ্গে আরএফআইডি বন্দিদের ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে নির্ভুল গণনা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, কারাগারের প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে মুন্সীগঞ্জ কারাগারকে। ক্যাশলেস পদ্ধতি কারাগারের ভেতরে সম্পূর্ণ নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব ও আধুনিক সেবা নিশ্চিত করবে। এ উদ্যোগের কারণে কারাগারের দুর্নীতি ও অনিয়ম রোধ হবে। একইসঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। বন্দিদের লেনদেনের অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে।